আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এত অত্যাচার, নির্যাতনের পরও আওয়ামী লীগ তার সক্রিয়তা বজায় রেখেছে। এখনও বাংলাদেশের বৃহত্তর দল আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি একটি অনুভূতি। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে তারা খাটো করার চেষ্টা করেছে। এখনও ইতিহাসকে বিকৃত করে এবং সত্যকে আড়াল করে মৃত বঙ্গবন্ধুকে তারা খাটো করার অপচেষ্টা চালাচ্ছে। এর কারণ, তারা বাংলাদেশের সৃষ্টিকে মানতে পারেনি। সুতরাং তারা বঙ্গবন্ধুকেও মানতে পারে না।’
দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন শেষে সন্ধ্যায় আলহাজ সদর উদ্দিন খানকে সভাপতি, হাজী রবিউল ইসলামকে সহ-সভাপতি, আজগর আলীকে সাধারণ সম্পাদক ও স্বপন কুমার ঘোষকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ সময় বলেন, ‘সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। যত দিন জনগণ চাইবে তত দিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। কোনো শক্তি নাই তাকে ক্ষমতাচ্যুত করে। কোনো ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে নামানো যাবে না।’
এর আগে, মঙ্গলবার সকাল ১১টায় শহরের ইসলামিয়া কলেজ মাঠে সৈয়দ আশরাফুল ইসলাম ও মাহবুব উল আলম হানিফ এমপি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে মঞ্চে ফকির লালনের গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান ও নৃত্য পরিবেশন করে অতিথি ও কাউন্সিলরদের বরণ করে নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে সৈয়দ আশরাফুল ইসলাম ও মাহবুব উল আলম হানিফ এমপি ছাড়াও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
জেআই





