পাবনাতে মোকাদ্দেস হোসেন মুকুল (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মোকাদ্দেস বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকালিয়া আনোয়ার- কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা যায়।
এসময় হজরত আলী (৩৫) নামে তার এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোকাদ্দেস হোসেন মুকুল উপজেলার হাটুরিয়া গ্রামের শিকার মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১০টার দিকে মোকাদ্দেস মাস্টার মোটরসাইকেলে করে নাকালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
তিনি তার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ৮/১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার সহযোগী হজরত আলীকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এসময় সন্ত্রাসীরা হজরত আলীর একটি হাত কেটে নিয়ে যায়।
পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোকাদ্দেস মাস্টারের মৃত্যু হয়।
হজরত আলী এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে নিহতের ভাই আব্দুস ছাত্তার মোল্লা বাদী হয়ে ৯ জনকে আসামি করে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বেড়া থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে।
এদিকে, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





