প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার (২ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। পাঁচ দিনের সফরের অংশ হিসেবে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের সহ-পররাষ্ট্র মন্ত্রী কিং গ্যাং। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

এর আগে মঙ্গলবার সকালে লিয়াওনিং প্রদেশের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

সেখানে অংশগ্রহণ শেষে এয়ার চায়নার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেইজিংয়ের ডিয়াওইউতাই স্টেট গেস্ট হাউজে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে। সফরকালে এখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গত ১ জুলাই চীনে যান বাংলাদেশ সরকারপ্রধান। সেদিন রাতে লিয়াওনিং প্রদেশের দালিয়ানে পৌঁছানোর পর মঙ্গলবার (২ জুলাই) বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-২০১৯’ শীর্ষক গ্রীষ্মকালীন সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন তিনি।

 

এএস