মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র-প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে ভূমি উন্নয়নের কাজ অব্যাহত থাকছে।
জাপানের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জানতে চাইলে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ-বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দরপত্র স্থগিত করা হয়েছে। এটি কত দিনের জন্য, তা বলা যাচ্ছে না।
১ জুলাই রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় ১৮ জন বিদেশি নাগরিক মারা যান। এর মধ্যে জাপানের সাতজন নাগরিক রয়েছেন। গত বছরে রংপুরে একজন জাপানি নাগরিককে খুন করে জঙ্গিরা। সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে এই প্রকল্পের দরপত্র স্থগিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারাও এমনটি মনে করছেন বলেজানিয়েছেন।
সূত্র জানায়, ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৩৬ হাজার কোটি টাকা। এর সিংহ ভাগ, অর্থাৎ প্রায় ২৯ হাজার কোটি টাকা দেবে জাপান সরকার।
তিনটি ভাগে এই প্রকল্পের কাজ হওয়ার কথা। এর মধ্যে ভূমি উন্নয়নের কাজ জাপানের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শুরু করেছে। চলতি মাসে এই দরপত্র-প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সূত্র জানায়, দরপত্রে জাপানের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে প্রক্রিয়াটি আপাতত স্থগিত করা হয়ে থাকতে পারে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
এমবিএইচ





