ভোটারদের কোনো আগ্রহ ও উদ্দীপনা ছাড়াই বরিশাল ৫ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার বিকাল ৪ টায় শেষ হয় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গননা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে না থাকায় ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী জেবুন্নেছা আফরোজ হিরণ।
অভিযোগ উঠেছে, একটি বুথে অপ্রাপ্ত শিশুরা ভোট দিয়েছে। ১০৭ নং বুথ কর্ণকাঠী উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা নিয়ম ভঙ্গ করে ভোট দিয়েছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, ১৫৯ কেন্দ্রের ৮১০টি বুথের ভোট বাক্সে ভোট দেয়ার জন্য প্রায় দুই হাজার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের রাখা হয়েছিল। আগেই ধারনা করা হয়-এ নির্বাচনে ভোটার আসবে না। তাই বৈধতা পাওয়ার জন্য শতকরা ৭৫ ভাগ ভোট কাষ্ট করতে হবে। মিডিয়া ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখবালের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টুকে।
এর আগেই ভোটগ্রহণের কার্যক্রম শেষ করতে প্রস্তুত রাখা হয় কর্মকর্তাদের। শনিবার রাত ১২টা থেকেই নির্বাচনী এলাকায় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। তবে প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ি নির্বাচন কমিশনের অনুমতিক্রমে চলার অনুমতি ছিল।
বিজিবি মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। ভোটকেন্দ্রগুলো ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট নেয়া হয়। এ নির্বাচনে প্রার্থীর সংখ্যা মাত্র দু’জন। এরা হলেন আওয়ামী লীগের জেবুন্নেচ্ছা হিরণ ও বিএনএফের সাইফুল ইসলাস লিটন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংস্কার করা হয় ভোট কেন্দ্রগুলো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সামগ্রী।
এদিকে রিটানিং অফিসারের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫৯টি কেন্দ্রের ৮১০টি বুথে ১৫৯জন প্রিসাইডিং অফিসার মিলিয়ে ২ হাজার ৭৫০জন কর্মকর্তা কর্মচারী ভোটগ্রহণের কার্যক্রমে নিয়োজিত আছেন। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ২৭২ জন আনসার, ১ হাজার ১১৩ জন পুলিশ, ১৮০ জন করে বিজিবি ও র্যাবের পাশাপাশি ১৩০ জন কোস্টগার্ড দায়িত্ব পালন করছে। এদের সাথে থাকছেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
বরিশাল সিটি কর্পোরশেন ও সদর উপজলো নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ২৬১ জন। এই আসনে মোট ভোটকন্দ্রে ১৫৯টি, মোট ভোটদান কক্ষ ৮১০টি।
রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল আলম জানান, উপনির্বাচনে আইনশৃংখলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে চারটি ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে। পাশাপাশি ভ্রাম্যমান চার আদালতের তদারকিতে দুই জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে আরও দুইটি দল মাঠে নেমেছে।
সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা নির্বাচন অফিসার মো. দুলাল তালুকদার জানান, ভোটগ্রহণের দিন বরিশালে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ৯ এপ্রিল মারা যান বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত হোসেন হিরণ। তার মৃত্যুর কারণে আসনটি শূন্য ঘোষণা করে ১৫ জুন নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ, জেএ





