পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন এতেই খুশি। তবে এই সফরে বাংলাদেশ-ভারত অমীমাংসিত দ্বিপাক্ষীয় কোনও ইস্যুই আলোচনায় আমরা এবার তুলতে চাই না।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, নরেন্দ্র মোদি সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব উদযাপনের। আমরা সবচেয়ে খুশি, উনি আসছেন। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন সফরে কোনো ধরণের সমঝোতা স্মারক সই হবে কিনা তবে আমি বলবো অপ্রাসঙ্গিক। আমাদের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আসছেন। এটাই বড় পাওয়া। আর কী চাই?

মোদির সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে কি-না? এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওগুলো বাদ। আমরা যেটা চাই সেটা হচ্ছে, এই যে একটি আনন্দ উৎসব, আমাদের এই বড় উৎসবে সবাই এসেছে, আমরা তাতেই আনন্দিত। এটাই তো আমাদের বড় পাওয়া, আর কী চান আপনি?

তিনি আরও বলেন, আপনাকে কে কাপড় দিল, ভাত দিল ওইটা নিয়ে বেশি চিন্তিত, ওইগুলা আমরা ম্যানেজ করব। তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি তাদের সমস্যা আছে। আমরা বুঝি, আমরা বোকা নই।

এমবি