মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামে অভিযান পরিচালনার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বিকালে সংঘর্ষের সময় গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে।

পরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-৫২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানসহ বিজিবির ২০ সদস্যের একটি দল রাজনগর থানার ডেফলউড়া গ্রামের মো. মোস্তফা মিয়ার বাড়িতে ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারে অভিযানে আসে।

মোস্তফা মিয়ার বাড়ির লোকজন প্রথমে অভিযান চালাতে বাধা দেয়। পরে বিজিবির সদস্যরা বাড়ির লোকজনকে বুঝিয়ে তল্লাশি শুরু করলে ওই এলাকার শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় আত্মরক্ষার্থে বিজিবি ৮ রাউন্ড গুলি ছোড়ে। ইটের আঘাতে বিজিবি সদস্য হাবিলদার মোতাহার হোসেন আহত হন।

ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ইউপি সদস্য এনামুল হক চৌধুরী (৩৫), প্রশান্ত দেব সাগর (৩৬), আনকার মিয়া (৪৫), বাহরাম মিয়া (৪৫), সালামত মিয়াকে (৪৩) আটক করে থানায় নিয়ে আসে।

এআর