কিশোরগঞ্জ জেলা সদরে দেশি অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের উত্তর কালিয়াকান্দিতে অভিযান চালিয়ে সোমবার রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ডাকাত দলের সরদার এরশাদ মিয়া ও বাচ্চু মিয়া । তারা কটিয়াদী উপজেলার বনগ্রামের নিজাম উদ্দিন ও মহরম আলীর ছেলে। অপর দুজন হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গজারিয়ার আদু মিয়ার ছেলে জসিম উদ্দিন ও খলিল মিয়া ।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী জানান, সশস্ত্র ডাকাত দল কালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ ও কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহেনশাহ মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এসময় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার হলেও অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহেনশাহ মাহমুদ বলেন, ডাকাত দলটি বড় হাওর ও জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে ডাকাতি করে আসছিল।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই