বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী হিসেবে আখ্যায়িত করে প্রাক্তন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে গ্রেফতারের দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রোববার তার নির্বাচনী এলাকা পাবনার বেড়ায় সমাবেশ থেকে এ কে খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুতুল দাহ করে ক্ষুব্ধ লোকজন।
সন্ধ্যায় এ কে খন্দকারের জন্মস্থান বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামে এ সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের সমর্থন গোষ্ঠী নামের একটি সংগঠন।
প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ভারেঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইব্রাহিম হোসেন মুন, মুক্তিযুদ্ধের সমর্থন গোষ্ঠীর আহবায়ক ও ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সবুজ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খান, সহ-সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, যুবলীগ নেতা বিপুল, বকুল প্রমুখ।
সমাবেশ শেষে এ কে খন্দকারকে তার এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তার কুশপুতুল দাহ করা হয়।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





