যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান পণ্য আটক অভিযান চালাতে গিয়ে চোরাকারবারীদের হামলার শিকার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের ছোট আঁচড়া মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতীয় মাদক ও খাদ্যদ্রব্যসহ বিভিন্ন মালামাল নিয়ে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালায় বিজিবি।
এ সময় ছোট আঁচড়া এলাকায় চোরাকারবারীদের ধাওয়া দিলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। বিজিবি সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালালে পালিয়ে যায় তারা।
পরে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা অনেকগুলো চকলেট ও বিস্কুট ভর্তি কার্টন উদ্ধার করে।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





