ট্রেন এবং বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল রোববার থেকে শুরু হবে। প্রতিদিন ট্রেনের ১৮ হাজার টিকিট বিক্রি হবে। ২৪ জুলাই থেকে শুরু হবে ঈদ স্পেশাল ট্রেন ও বাস সার্ভিস।

সূত্র জানায়, ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট রোববার থেকে বিক্রি শুরু হবে। বিক্রি চলবে ২৪ জুলাই পর্যন্ত। রোববার বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ জুলাই ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট থাকলে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ঈদের পর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২৭ জুলাই থেকে। ওই দিন বিক্রি করা হবে ৩১ জুলাইয়ের ফিরতি টিকিট। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

জানা গেছে, ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি সেবা দেয়া হবে। ঈদের তিন দিন আগে থেকে মোট পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া ট্রেন চলবে। এ ছাড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে ঈদ স্পেশাল ট্রেন চলবে। বাকি দুই জোড়া ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জে যাতায়াত করবে।

এ ছাড়া, ঈদে রেলযাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আরও ১৬৬টি কোচ সংযোজন হবে। এবারের ঈদে ২৫৫টি লোকোমোটিভ ইঞ্জিন যুক্ত হবে নতুন করে। ট্রেনের যাত্রা সময় যাতে ঠিক থাকে সে জন্যও নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গার ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) প্রতিবছরের মতো এবারও ঈদে যাত্রীদের চাহিদা পূরণে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে আগামীকাল রোববার থেকে। আর বিশেষ সার্ভিস শুরু হবে ২৪ জুলাই থেকে। ঈদে বিআরটিসি এসি ও নন-এসি মিলে মোট ৯০০ বাস পরিচালনা করবে। রোববার দেয়া হবে ২৪ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৮ অথবা ২৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

মতিঝিল, গাজীপুর, জোয়ার সাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুরসহ সাতটি ডিপো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

এ ছাড়া, ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ জুলাই ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে। আগামী ২৪ জুলাই থেকে শুরু করে ঈদ-পরবর্তী তিন দিন পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস চালু থাকবে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ