কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শাহবাগ থেকে কুমিল্লা রোডমার্চ করতে যাচ্ছে গণজাগরণ মঞ্চ।

রোববার (২৭ মার্চ) সকাল ৮টায় শাহবাগ থেকে শুরু হবে রোডমার্চ।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

ইমরান বলেন, আজ স্বাধীনতা দিবস, আমাদের সবার উৎসব করার কথা। কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। নারীদের নির্বিঘ্নে-নিরাপদে চলাফেরা করার স্বাধীনতা নেই। উৎসবমুখর হওয়ার বদলে তনু হত্যার প্রতিবাদে দেশ আজ বিক্ষুব্ধ।

পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচির উল্লেখ করে ইমরান বলেন, আমরা জানতে পেরেছি, নানা মহল থেকে কুমিল্লার প্রতিবাদী জনগণকে বাধা দেওয়া হচ্ছে। তাই আমরা আগামীকাল (২৭ মার্চ) শাহবাগ প্রজন্ম চত্বর থেকে রোডমার্চ নিয়ে কুমিল্লা অভিমুখে রওনা দেবো।

তনু হত্যার বিচারের দাবিতে পথে পথে আমরা পথসভা করবো, জনসমর্থন তৈরি করবো। কুমিল্লার প্রতিবাদী জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো। আমরা দেখতে চাই, কারা ধর্ষকদের পক্ষ নিয়ে প্রতিবাদী জনতাকে বাধা দিচ্ছে।

তিনি বলেন, দ্রুত তনুর খুনিদের গ্রেফতার করে বিচার না করা হলে এক ঘণ্টার প্রতীকী অবরোধ নয়, বিচার না পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় আমরা অবরুদ্ধ করে রাখবো।

ইমরান এইচ সরকার বলেন, তনু হত্যাকাণ্ডের পর আজ পাঁচদিন হতে চললো, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সেনানিবাসের মতো সংরক্ষিত এলাকায় যেহেতু ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে, জনমনে সন্দেহ জেগেছে যে, প্রভাবশালী কেউ এই ঘটনার জন্য দায়ী। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে প্রশাসনকেই প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। অপরাধীকে দ্রুত খুঁজে বের করার দায়িত্ব সেনাবাহিনীর ওপরেও বর্তায়।

তিনি বলেন, অপরাধী যারাই হোক, যতো ক্ষমতাশালীই হোক, তাদের বিচার হতে হবে। প্রয়োজনে ন্যায়বিচারের দাবিতে সারা বাংলাদেশ অবরুদ্ধ করা হবে।

যৌন নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, আজকে বাঙালি-অবাঙালি, নারী-পুরুষ নির্বিশেষে সকল ধর্ম এবং শ্রেণিপেশার মানুষকে এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত'র সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশের শুরুতেই যৌন নিপীড়নবিরোধী ‘বটতলা’ পথনাটক পরিবেশন করে নাট্যদল।

এরপর বিভিন্ন শিল্পী, সংগঠন প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করে।

ওএফ