কুমিল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরও দুইজন।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকায় এই দূঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিকের মধ্যে ইয়াছিন (৩৫) রংপুর জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। অন্য জনের নাম-পরিচয় তাৎক্ষণিতভাবে জানাতে পারেনি পুলিশ।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর দক্ষিণ মডেল থানার ওসি আদিল মাহমুদ জানিয়েছেন।  

ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকায় ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, চার শ্রমিক সন্ধ্যায় ওই ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর গুরুতর অসুস্থ অবস্থায় বাকি দুইজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এমবি