শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। আশুলিয়ার পুকুরপাড় এলাকার এ্যালায়েন্স নিট কম্পোজিট কারখানায় বৃহস্পতিবার দুপুরে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
আশুলিয়া লিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিক বিক্ষোভের মুখে এ্যালায়েন্স নিট গার্মেন্টস কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ।
এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানার ভেতরে প্রোডাকশন জিএম জাহাঙ্গীর মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন কারখানার শ্রমিকরা। এ ঘটনায় কারখানায় বিশৃঙ্খলার অভিযোগে বৃহস্পতিবার সকালে কারখানার মূল ফটকে ২০ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেয় কর্তৃপক্ষ।
এদিকে সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে আসলে ছাঁটাই করা ২০ শ্রমিককে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি কারখানার নিরাপত্তাকর্মীরা।
এ সময় কারখানার অন্য শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মালিকপক্ষের কাছে ছাঁটাই করা ২০ শ্রমিককে কারখানায় পুনর্বহালের দাবি জানায়। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় কারখানার সকল শ্রমিক কাজে যোগদান না করে ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে দুপুর ১টার পর কারখানাটি বৃহস্পতিবারের জন্যে ছুটি ঘোষণা করলেও পরবর্তী সময়ে কারখানার মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের সিলভার গার্মেন্টস ও সাউদার্ন গার্মেন্টস কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেআই





