কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার জিলা স্কুলের অপর পার্শ্বের সমতট ল্যাগাসি ভবনে পুলিশ কর্মকর্তার বাসায় রিনা আক্তার (১৭) নামের এক গৃহপরিচারিকা খুন হয়েছে।
এ ঘটনায় গৃহকর্ত্রী ফেনী জেলার ফুলগাজি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মোল্লার স্ত্রী লিপি আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত রিনা আক্তার বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। রিনা আক্তার গত প্রায় ৪ বছর ধরে পুলিশ দম্পতির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিলেন।
বুধবার দুপুর দেড়টায় কুমিল্লা সদর হাসপাতালের ইর্মাজেন্সিতে মরদেহটি ফেলে চলে যায় ফেনী জেলার ফুলগাজি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মোল্লার স্ত্রী লিপি আক্তার। রাত সাড়ে ৭ টায় পুলিশ গৃহকর্ত্রী লিপি আক্তারকে আটক করে থানায় নেয়া হয়।
পুলিশ দম্পতি নগরীর কান্দিরপাড় এলাকার জিলা স্কুলের অপর পার্শ্বের সমতট ল্যাগাসি ভবনো তৃতীয় তলার (সি-থ্রি) ফ্লাটে গত ৭ মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন মাহমুদ জানান, দুপুরে একজন মহিলা মৃত মেয়েটিকে নিয়ে জরুরী বিভাগে আসে। আমরা পরীক্ষা করে দেখি সে মৃত। এই সুযোগে মহিলাটি পালিয়ে যায়। মৃত মেয়েটির পুরো শরীরে গরম পানিতে পুড়ে যাওয়া, আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, জরুরী বিভাগে মেয়েটি আনার পর তার ঠিকানায় বাড়ি হিসেবে নগরীর টমছমব্রিজ এলাকা উল্লেখ করা হয়। এদিকে দুপুর থেকে নগরীরর বিভিন্ন স্থানে খোজ করে সন্ধ্যা ৬ টায় কুমিল্লার কর্মরত সাংবাদিকরা পুলিশ দম্পতির বাসা খুজেঁ বের করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
ফেনী জেলার ফুলগাজি থানাতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মোল্লা জানান, আমি শুনেছি মেয়েটি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যায় আমার স্ত্রী। তাকে কোন মারধর করা হয়েছে কিনা আমি জানিনা। আমি গৃহপরিচারিকা রিনা আক্তারকে আমার মেয়ের মত দেখতাম। এর বেশি কিছু আমি জানি না।
গৃহকর্ত্রী লিপি আক্তার বলেন, রিনা ৪ মে রাতে ভাতের মাড় ঢালতে গিয়ে হাতের কণুই ও হাত পুড়ে যায়। আমি তাকে লিবেক-৫০০ এমজি ট্যাবলেট এনে দেই। গত ৪/৫ দিন ধরে সে আনমনা হয়ে ছিল। কোন কাজও সে করতে চাইতো না।
পরে আমি গতকাল তাকে ঝাড়ু দিয়ে তার পিঠে দুটি আঘাত করি। এর বেশি কিছু করিনি। আজ সকালে বাচ্ছাদের স্কুলে দিয়ে বাসায় এসে দেখি সে রান্নাঘরে পড়ে আছে। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই।
হাসপাতালে ভুল ঠিকানা বলার কারণ হিসেবে তিনি জানান, আমি ভয়ে ভুল বলেছি।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শফি উদ্দিন জানান, তার পুরো শরীরে আঘাত রয়েছে। গরম পানিতে পুড়ে গেছে। এটি হত্যাকান্ড কিনা এখন বলতে পারবো না। ময়নাতদন্তের পর বলা যাবে।
এমকে





