প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সাল দেলে কেরিয়াতিডি প্রাসাদে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপলিতানোর দেওয়া জমাকালো নৈশভোজের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস।

বিশ্বের উন্নয়নে এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন দুই নেতা।

আগামী দিনগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার আর্থসামাজিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট পুতিন।

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে রূপান্তি ওই বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ইতালির মিলান শহরে শুরু হওয়া আসেম সম্মেলনে যোগ দিতে বুধবার দেশটিতে পৌঁছান শেখ হাসিনা। সম্মেলনের প্রথম দিনে পূর্ণ অধিবেশনে ভাষণ দেন তিনি। বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে সদস্য দেশগুলোর মধ্যে অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অংশীদারত্ব ও প্রতিশ্রুত ইস্যুতে কার্যকরী পদক্ষেপ নিয়ে বিশ্ব উন্নয়নকে এগিয়ে নেওয়ায়ই আসেমের লক্ষ্য। এ লক্ষ্যে মিলানে এবার দশম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ২০১২ সালে বাংলাদেশ আসেমের সদস্য হয়।

জেআই