যশোরের নওয়াপাড়া বাজারের তালতলাস্থ আকিজ জুট মিলের সামনে ট্রাকের চাপায় পুলিশের এএসআই মোজাম্মেল হক (৪০) নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক খুলনার তেরখাদা থানার আজগরা ফাঁড়ির এএসআই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র মতে, মোজাম্মেল হক শনিবার সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলেযোগে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোর আদালতে হাজিরার জন্য যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া বাজারের তালতলাস্থ আকিজ জুট মিলের সামনে পৌঁছালে পেছন থেকে আকিজ জুট মিলের একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার সেকেন্ড অফিসার আরিফুজ্জামান।

কেএইচ