আজ ১৩ আগস্ট। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

২০১১ সালে এই দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় দেশের এই দুই কৃতী সন্তানসহ পাঁচজন নিহত হন।

চলচ্চিত্রকার তারেক মাসুদ তার নতুন ছবি 'কাগজের ফুল'- এর শুটিং লোকেশন নির্বাচনের জন্য এই দিনে মানিকগঞ্জের শিবালয়ের শালজানা গ্রামে ইছামতী নদীর পাড়ে আসেন।

এসময় তার সফরসঙ্গী ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের সিইও মিশুক মুনীর, তারেকের স্ত্রী ক্যাথেরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগমসহ নয়জন।

লোকেশন ঠিক করে তারা ঢাকায় ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

'আদম সুরত', 'মুক্তির গান', 'মুক্তির কথা', 'মাটির ময়না'র সফল নির্মাতা তারেক মাসুদের স্বপ্ন ছিল 'কাগজের ফুল' ছবির।

আর মিশুক মুনীর দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর ২০০০ সালে একুশে টেলিভিশনের প্রথম যাত্রায় সাইমন ড্রিংয়ের সহযাত্রী হিসেবে ছিলেন।

তিনি একুশে টেলিভিশনের 'হেড অব নিউজ' অপারেশনের দায়িত্ব নিয়ে সংবাদ বিভাগ নির্মাণ করেছিলেন।

সর্বশেষ তিনি প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক হিসেবে যোগ দেন ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে। মিশুক মুনীর ৫২ বছর ও তারেক মাসুদ ৫৫ বছর বয়সে প্রাণ হারান।

অকালপ্রয়াত এই দুই কীর্তিমানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ২০১৪ সালের ১২ আগস্ট রাজধানীর রোকেয়া হলসংলগ্ন সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ ম স আরেফিন সিদ্দিক তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতি ভাস্কর্য উন্মোচন করেন।

এমকে