চাঁপাইনবাবগঞ্জে লিটন মিয়া (১৪) নামে এক বাংলাদেশি শিশুকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দুপুরে জোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কিশোর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লিটন ও তার সহযোগীরা জোহরপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডের ১৯/৪এস পিলারের কাছে ঘাঁস কাটতে যায়। এসময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার ২০ বিএসএফ পিরোজপুর বিওপি সদস্যরা লিটনকে বেধড়ক পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়। পরে তার সহযোগীরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে দুপুর ১টার দিকে সে মারা যায়।
লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ আরও জানান, এ ঘটনায় ২০ বিএসএফ অধিনায়ক শ্রী রাজকুমার বাতাসার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি। শ্রী রাজকুমার ঘটনাটি তদন্ত করে বিএসএফ সদস্য দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিষয়টি বিএসএফকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তিনি।
জেআই





