লালমনিরহাটে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদী থেকে বৃহস্পতিবার সকালে তৌহিদুল ইসলাম শুভ (১৯) নামের নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুভ লালমনিরহাট জেলা শহরের বালাটারী এলাকার সওকত শিকদারের ছেলে ও লালমনিরহাট সরকারী কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১ জুলাই বিকালে কয়েকজন বন্ধুসহ সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শুভ। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তার পরিবারের লোক দীর্ঘ চেষ্টা চালিয়ে শুভের সন্ধানে ব্যর্থ হন।

১৪ দিন পর আজ (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদীতে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে শুভ’র বাবা শওকত শিকদার থানায় গিয়ে তার ছেলের লাশ শনাক্ত করেন।

সদর থানার ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নুরনবী/ইম