রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ করে রাখার পর তা প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। শ্রমিক মারধর ও নির্যাতনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছিল তারা।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৫ টা হতে ৬ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে তারা। পরে ৬টার দিকে তা তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শহরের মায়ামনি-থানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় শ্রমিকরা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
স্থানীয় সূত্র জানায়, বিকালে স্থানীয় ঢাকা কোচ কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন পৌর শহরের প্রধানপাড়ার আশরাফুল ইসলামের ছেলে রাশেদ মিয়া (২৫)।
এ সময় শহরের পান্থাপাড়ার কিছু যুবক রাশেদকে এলোপাথারি মারধর করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এমকে





