জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের ফটক থেকে ফের আটক হয়েছেন নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।

সোমবার বিকেল নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাছান চৌধুরী  বলেন, ‘তার মুক্তির বিষয়টি জানার পর তাকে কারাফটক থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় সংঘটিত সহিংসতা মামলায় তার নাম রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। যদি সংশ্লিষ্টতা মেলে তাহলে তাকে নতুন করে গ্রেফতার দেখানো হবে।’

চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার সেলিম বলেন, ‘জামায়াত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে থাকা ১৪টি মামলায় আদালত থেকে জামিনের আদেশ থাকায় সোমবার বিকেল তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। তাকে ফের আটক করা হয়েছে কিনা আমাদের জানা নেই।’

গত ১২ মে নগর জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে জামায়াতের মহানগর আমির ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ জ ম ওবায়েদুল্লাহ, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ২১ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের সন্ত্রাস বিরোধী আইনে আটক দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেআই