গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সহোদর চার ভাইসহ বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সোমবার বিকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের বেরাজ উদ্দিনের শফিকুল ইসলাম (৪৫), বাবলু মিয়া (৪২), আনোয়ার হোসেন (৪০) ও আমজাদ হোসেন (৩৮), তালুক সর্বানন্দ গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫০), গোপালচরণ গ্রামের ডা. সোলায়মানের ছেলে শফিকুল ইসলাম (৩৮), দহবন্দ গ্রামের সেকেন্দার আলীর ছেলে খয়বার হোসেন (৪৫), কালিরখামার গ্রামের আবদুল লতিফের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেএইচ