রাজধানীর আশুলিয়ায় একটি সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকায় ওই সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের সূচনা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে সুতার গোডাউনের আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে।

বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ইউনিটগুলোর মধ্যে ডিইপিজেড থেকে ৩টি, সাভার থেকে ২টি ও মিরপুর থেকে ১টি রয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এমবি