নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নৌকাকে বিজয়ী করতে বিএনপি ও আওয়ামী লীগ এক হয়ে মাঠে নেমেছে। সুতরাং আওয়ামী লীগ ও বিএনপি যেখানে এক হয়ে গেছে, সেখানে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতবার জনগণ আমাকে জিতিয়েছে। এবারও আমার ভরসা জনগণই।’ বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান সম্পর্কে আইভী বলেন, সাখাওয়াত বিএনপির প্রার্থী হলেও বিএনপির লোক নন তিনি। ভাড়াটে হিসেবে বিএনপির হয়ে ভোটের মাঠে নেমেছেন।
অন্যদিকে নিতাইগঞ্জের আমুকপটি এলাকায় আজ গণসংযোগ করেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান । সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকারদলীয় প্রার্থীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই নির্বাচন কমিশন নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দরকার ছিল। আইভীর পোস্টার ছিঁড়ে ফেলেছেন এমন অভিযোগের বিষয়ে সাখাওয়াত বলেন, ‘আমি সে রকম লোকই না। আমার বিরুদ্ধে এ অভিযোগের কারণ আইভী দেউলিয়া হয়ে গেছেন। এ কারণেই তিনি এসব কথা বলছেন।’
সিটি করপোরেশনের বন্দর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডে আজ রোববার গণসংযোগ করেন আইভী। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ।
নির্বাচনে শামীম ওসমান কোনো প্রভাব সৃষ্টির করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শামীম ওসমান কোনো প্রভাব সৃষ্টি করবেন—বিএনপির এমন আশঙ্কার কোনো যৌক্তিকতা নেই।
আইভী বিএনপি প্রার্থীকে জনগণের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।
এর আগে আইভী বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও শামীম ওসমানের ঘনিষ্ঠজন এম এ রশিদের বাড়ি যান। তাঁর ভোট চান ও তাঁর(আইভী) পক্ষে কাজ করার অনুরোধ করেন।
পরে এম এ রশিদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। প্রধানমন্ত্রী বলার পর আইভীর জন্য কাজ করছেন।
অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য শামীম ওসমান বাধা হতে পারেন—এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শামীম ওসমান নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তাঁর (শামীম ওসমান) এই প্রভাব বিস্তার ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন সাখাওয়াত হোসেন খান।
সাখাওয়াত বলেন, নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেবেন।
শহরের শহীদনগরসহ বিভিন্ন এলাকায় আজ গণসংযোগ করেন সাখাওয়াত হোসেন।
জারিফ





