রোহিঙ্গাদের ভাসানচরে অসুবিধা হবে আমরা তাদের পাঠাবো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ (২৭ মার্চ) বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডিপ্লোম্যাটস পত্রিকার সম্পাদক শাহেদ আক্তার। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা চিন্তা করেছিলাম এপ্রিলে পাঠাবো। কিন্তু এখন তারা (জাতিসংঘসহ অন্যান্য সংস্থা) শর্ত দিলে সমস্যা তৈরি হবে এবং আমরা কবে পাঠাবো জানি না।”

তিনি বলেন, “আমরা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর জন্য প্রস্তুত আছি। সেখানে প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলছে সেখানে গেলে তাদের অসুবিধা হবে।”

“যদি সবাই মনে করেন অসুবিধা হবে তবে আমরা রোহিঙ্গাদের পাঠাবো না। সবাই যদি বলেন স্বেচ্ছায় যান তবে আমরা ঘরবাড়ি তৈরি করে রেখেছি।” বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডায় পালিয়ে থাকা খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা হবে। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

লন্ডনে অবস্থানরত ও দেশের আদালতে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “আমরা সব অপরাধীকে ফেরত আনার চেষ্টা করছি।”

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশের বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেল দেখা যায় না। সে কারণে ৭৮টি মিশনে এই ব্লু বক্স দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মিশনে বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখা যাবে।  

ডিপ্লোম্যটস পত্রিকা বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স হস্তান্তর কার্যক্রমে সহায়তা করেছে।

এমবি