পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ওমর আলী (৩৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও মহিলাসহ ৫ জন যাত্রী।
শুক্রবার রাত পৌনে ১টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওমর আলী আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান আব্দারের মাইক্রোবাস চালক। তার বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তমিজউদ্দিনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সাতখামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে কাঠবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো চ ৫১১৭১০) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ওমর আলী মারা যান।
দুর্ঘটনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রংপুর বিভাগীয় প্রতিনিধি আবদাল আদিল আলভী রুবেলসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে বোদা ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ জানান, মাইক্রোবাসটি উপজেলা পরিষদ চেয়ারম্যানের। মাইক্রোবাসটি ঢাকা থেকে বিমানে আসা চেয়ারম্যান পুত্র ও পুত্রবধূসহ অন্যদের আনতে সৈয়দপুর গিয়েছিল। সৈয়দপুর থেকে আটোয়ারী যাওয়ার পথে আটোয়ারীর সাতখামারে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





