কুমিল্লা নগরীর শুভপুর এলাকার পুলের মাথায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন হৃদয় (৪) নামের এক শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হৃদয় নগরীর শুভপুর এলাকার রিকশাচালক মফিজ মিয়ার ছেলে। হৃদয় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুমেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার দুলাল চন্দ্র সূত্রধর জানান, শিশুটি হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছে। সে চিকিৎসাধীন রয়েছে। আর হাসিব নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় হাসিব গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সকালে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে হাসিব গ্রুপের সদস্য নিজাম অপর গ্রুপের আনোয়ারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন রিকশায় যাওয়ার সময় শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়। এ সময় ১০-১২ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আরো তিনজন আহত হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘সংঘর্ষের খবর শুনেছি। খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
এমআর





