গাজীপুরে রোববার রাতে র‌্যাবের অভিযানে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার এবং দুই জঙ্গি নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

সোমবার রাতে র‌্যাব-১ এর পরিদর্শক মো. সেলিম খান জয়দেবপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি দায়ের করেন।

মামলার এজাহারের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গাজীপুর সিটি করর্পোরেশনের যুগিতলায় এলাকায় একটি পরিত্যাক্ত ভবনে কতিপয় জঙ্গি সদস্য অস্ত্র গোলাবারুদসহ অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে।

পরে সেখানে গিয়ে আসামিদের অবস্থানরত ওই ভবনটি ফোর্স দিয়ে ঘেরাও করে ফেলেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভবনের ভেতর থেকে তাদের (র‌্যাব সদস্যদের) লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। র‌্যাব সদস্যরাও আত্মমরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে আসামিদের অবস্থানরত ভবনটিতে বোমা বিস্ফোরেণের শব্দ শুনতে পান।

পরে র‌্যাব সদর দপ্তর থেকে বোমা নিষ্ক্রিয় দল এসে ওই ভবনে প্রবেশ করে নিরাপত্তা নিশ্চিত করলে ভবনে প্রবেশ করে দেখেন দুইজন আসামি বোমার আঘাতে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে আছে এবং তাদের পাশে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, ৪টি বিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বোমা তৈরির আনুমানিক ২ কেজি বিস্ফোরকসহ সরঞ্জামাদি, ৪টি জিহাদি বই পড়ে আছে।

পরে আলামতসমূহ জব্দ করে হেফাজতে নেন এবং আহত ওই দুই জঙ্গিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়, নিহত অজ্ঞাত জঙ্গিদ্বয় নাশকতার উদ্দেশ্যে বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ জিহাদি বই দখলে রেখে হত্যার জন্য র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ, সরকারি কাজে বাধা প্রদান, বোমা বিস্ফোণে নিহত হবার ঘটনায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মিরপুরের শাহআলী এলাকার ৯ নম্বর রোডের ৩ নম্বর একটি বাসায় প্রায় ৯ ঘন্টা অভিযান চালিয়ে ৭ জঙ্গিকে আটক করা হয়। এদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৩ জন গুরুত্বপূর্ণ সদস্য বলে জানায় পুলিশ। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও হ্যান্ড গ্রেনেড।

এঘটানায় শুক্রবার দুপুরে রাজধানীর শাহ আলী থানায় মোট ১১ জনের নামে মামলাটি করে মহানগর গোয়েন্দা পুলিশ।

অপরদিকে, গত শনিবার মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন সিটি কর্পোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জয়নব কমিউনিটি সেন্টারের পেছনে হাজী ইছহাক ম্যানশন নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, দুই কেজি জেল এক্সপ্লোসিভ, সোনাবাহিনীর ১২ সেট পোশাক, নেমপ্লেট ও র‌্যাংক, ব্যাজ, ডায়েরি, মানচিত্র এবং সাংগঠনিক বিভিন্ন নথিপত্রসহ তিন জনকে আটক করে নগরীর গোয়েন্দা পুলিশ।

এঘটনায় রোববার রাতে অস্ত্র এবং বিস্ফোরক আইনের আলাদা ধারায় ৪ জনের নামে মামলা তিনটি দায়ের করা হয়।

এআই