বকেয়া বেতন ভাতা পরিশোধ, পেনশন সুবিধাসহ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোরের আট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেন। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি পক্ষের স্লোগান দেন।
সংগঠনটির নেতারা বলছেন, প্রায় ২২ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। অবসরে গেলেও পেনশন সুবিধা পান না তারা। এসব কারণে এখন তারা মানবেতর জীবনযাপন করছেন।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে তারা বলেন, দাবি আদায়ের লক্ষ্যে ধাপে ধাপে আরো কর্মসূচি পালন করা হবে। আগামী ১৫ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরও দাবি আদায় না হলে চূড়ান্ত কর্মসূচির ঘোষণা আসবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
টাইম নিউজ/ তারেক/ মাহমুদ





