বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ট্রাক ড্রাইভার।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-মংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সদরের কবির মোল্লার ছেলে আরিফুল ইসলাম (২২) এবং আরিফুলের বড় ভাই টুকু মোল্লার ছেলে রবিউল ইসলাম (১৫)। তারা দুইজন পেশায় মাছ ব্যবসায়ী।
এদের মধ্যে আরিফুল ঘটনাস্থলে এবং রবিউল সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত ধান বোঝাই ট্রাকের ড্রাইভার টুঙ্গিপাড়ার এমদাদুল হক (৫০) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজি জানান, ভোরে মহাসড়কের আমতালা এলাকায় ধান বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে গেলে ট্রাকের চালক ও হেলপার চাকাটি পরিবর্তন করছিলেন।
এ সময় গোপালগঞ্জ থেকে খুলনার রুপসাগামী একটি পিকাআপ পেছন থেকে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক ও মাছ ব্যবসায়ী আরিফুল ইসলাম।
স্থানীয়রা অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে আহত রবিউল ইসলাম মারা যান। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।
এমকে





