ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রোববার সন্ধ্যায় পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী।

পাঁচ জানুয়ারি বিএনপির সমাবেশের সমর্থনে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় রোববার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

প্রত্যক্ষ দর্শিরা সাংবাদিকদের জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলিফেন্ট রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ইস্টার্ন প্লাজার দিকে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিয়া মো. রাসেল, আবদুল করিম সরকার, কাজী মোকতার হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিন, ইখতিয়ার রহমান কবির, মাইনুল ইসলাম, কাজী রউনকুল ইসলাম শ্রাবন, বাশার সিদ্দিকী, মুক্তার হোসেন নাহিদসহ শতাধিক নেতাকর্মী যোগ দেন।
একে