স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. খুরশীদকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
চুক্তিভিত্তিক এ নিয়োগের শর্তগুলো অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছিলেন ডা. খুরশীদ আলম।
করোনাভাইরাস মহামারী সামাল দিতে গিয়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মাঝে ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার দুই দিন পর নিয়োগ পেয়েছিলেন ডা. খুরশীদ আলম।
ডা. আজাদ ২১ জুলাই জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।
এদিকে, বাংলাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৭৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৬ হাজার ১০২ জন।
একই দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৫ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





