আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের সময় গঠিত দুটি নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। এটি কারো ইচ্ছাই নয়, জনগণের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টির কোন সুযোগ নেইবা যৌক্তিকতাও নেই, যারা এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান, তাদের আসলে জনগণের রায়ের প্রতি কোন আস্থা নেই।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, প্রধামনমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সে সরকারের রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে ১০ জনকে নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। তাদের মধ্য থেকে ৫ জনকে নিয়ে এ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এটা কারো ইচ্ছায় নয়, রাষ্ট্রপতি জনগণের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন করেছেন।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই ভুল রাজনীতিটাকে আড়াল করার জন্য তারা বার বার বিভ্রান্তীমূলক কথা বলছেন।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য বিএনপির প্রতি আহবান জানান।
এ সময় কুষ্টিয়া পুলিশ (এসপি) সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। এর পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি জাতীয় ও স্কুল পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করেন।
সবুজ/এমবি





