নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা ও হাপানিয়া সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া ককটেলে ও নির্যাতনে ৪ বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা  গরু ব্যবসায়ী বলে জানা যায়।

রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ দু’টি ঘটনা ঘটে।

আহতরা হলেন-কলমুডাঙ্গার মফিজুল হক (৪০) ও তার ছেলে শরীফুল (১৮) এবং হাপানিয়া এলাকার আমিনুল ইসলাম (৩৬) ও আব্বাস আলী (২৮)। এদের সবাই সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, মফিজুল হক ও তার ছেলে শরীফুল সকালে ভারত থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল ৭টার দিকে তারা কলমুডাঙ্গার ২৩৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে গুরুতর আহত তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাপানিয়া এলাকার লোকজন জানান, সকাল সাড়ে ৭টার দিকে আব্বাস আলী ও আমিনুলও ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। এসময় হাপানিয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা তাদের ধরে বেদম মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ