চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার দুপুরে ধানবোঝাই একটি ট্রাকসহ ৩টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিন চালক আহত হয়েছেন।

এই নিয়ে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এতে এক চালক নিহত ও হেলপার দগ্ধসহ চারজন আহত হয়েছেন।

জানাগেছে, বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর যাওয়ার পথে ১০/১২জনের মুখোশ পরিহিত এক দল দুর্বৃত্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির কেবিনে আগুন লেগে যায়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাক চালক সালাদ (২৮) গুরুতর আহত হয়।
এরপর বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ-রাজারামপুর মোড় এলাকায় সামাদ অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের সামনে ধানবোঝাই একটি ট্রাকসহ দুটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দুটি ট্রাকের কেবিন ভস্মীভূত হয়। এ সময় ট্রাকচালক রাজিব (২৫) ও আখতারুল ইসলাম (৪৫) আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দিকে অভিযোগ উঠেছে ট্রাক তিনটিতে আগুন দেওয়ার সময় কাছাকাছি স্থানে পুলিশ থাকলেও দুর্বৃত্তদের ধরতে এগিয়ে আসেনি। তবে সদর মডেল থানার ওসি গোলাম মোর্তুজা এই অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে শিপন (২৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন হেলপার শাকিল (১৭)।

শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ইআর