মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা ১২৫ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ২৫ জনকে রেড ক্রিসেন্ট জিম্মায় রেখে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেল ৪টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুন পাল এ আদেশ দেন।

এ ছাড়াও বাকি ১০০ জনকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিজ জিম্মায় ছেড়ে দেওয়া পর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবে বলে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

রেড ক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন জানান, মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা ১২৫ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ছিল ২৫ জন।

এদেরকে বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আদালতে আনে। এরপর তাদেরকে হাজির করা হয় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুন পালের আদালতে।

আদালত তাদের সঙ্গে কথা বলে রেড ক্রিসেন্টের জিম্মায় বাড়িতে অভিভাবকের হাতে পৌঁছে দেওয়ার আদেশ দেন।

একই সময় সঙ্গে অভিভাবকের কাছে হস্তান্তরের পর আদালতের কাছে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। বুধবার রাতের মধ্যে এদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এ ২৫ জন হল- বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার আমান উল্লাহ (১৭), কাউছার আলম (১৬), উখিয়া উপজেলার সাইফুল ইসলাম (১৭), মামুনুর রশিদ (১৫), সাইফুল ইসলাম (১৭), কক্সবাজার রামু উপজেলার আবু ছৈয়দ (১৬), ইরফান মিয়া (১৫), শহিদুল্লাহ (১৭) টেকনাফ উপজেলার হাফিজুর রহমান (১৬), জিয়াবুল হাসান (১৩), ফায়সাল মিয়া (১৬), মোহাম্মদ আলী (১৭), মোহাম্মদ ফয়সাল (১৪), শফিক আলম (১৫), সাইফুল ইসলাম (১৬), আব্দুর রহমান (১৫), কক্সবাজার সদর উপজেলা শফিউল করিম (১৪), জানে আলম (১৬), মোহাম্মদ ফিরোজ (১৭), মহেশখালী উপজেলার মিজানুর রহমান (১৬), মনির উদ্দিন (১৭), কায়সার হামিদ (১৫), চকরিয়া উপজেলার মোহাম্মদ মিনারুর রহমান (১৭), মিরাজ উদ্দিন (১৭) ও ঢাকার যাত্রাবাড়ীর মোহাম্মদ রবিন (১৬)।

এদিকে পুলিশ জানায়, মিয়ানমার থেকে ফেরত আনা ১২৫ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশ কথা বলতে রাজি হয়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, ফেরত আনা আরো ১২৫ জনের মধ্যে বাকি ১০০ জনকে বৃহস্পতিবার দুপুরে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এদের বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া প্রদান করবে আইওএম।

এর আগে গত ৮ জুন ১৫০ জনকে, ১৯ জুন ৩৭ জনকে এবং ২২ জুলাই ১৫৫ জন, ১০ আগস্ট ১৫৯ ও ২৫ আগস্ট ১২৫ জনকে মিয়ানমার থেকে দেশে ফেরত আনা হয়।

এমকে