মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যান্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আহসান হাবিব গোপাল, আশানুর রহমান, সচিব সানোয়ার হোসেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোরা এবং ক্রেস্ট দেয়া হয়।
এ বিষয়ে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, 'ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা নয়, সাধারণ সম্পাদক জুয়েল রানা আমার গ্রামের ছেলে, তাই তারা আমার ইউনিয়ন পরিষদে এসেছিল। এ সময় তাদের আপ্যায়ন করা হয়।'
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, কোনো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এভাবে সংবর্ধনা দেওয়ার নিয়ম নেই। কারণ এটি সরকারি প্রতিষ্ঠান। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
জেএ





