ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিরাজগঞ্জের র্যাব-১২ ভেজাল সরিষার তেল তৈরি, বিক্রি ও বাজারজাতকরণের অভিযোগে ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া একটি কারখানা সিলগালাসহ ৫ হাজার লিটার ভেজাল সরিষার তেল মাটিতে ঢেলে ধ্বংস করেছে।
জেলার উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতি ইউনিয়নের গয়হাট্টা বাজারে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও র্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম।
র্যাব-১২ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গয়হাট্টা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন চালকলের আড়ালে ভেজাল সরিষার তেল তৈরি ও বিক্রয় করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি ইউনিট সেখানে অভিযান চালায়। এ সময় গয়হাট্টা বাজার এলাকার বাসিন্দা মৃত সোলায়মান প্রামাণিকের ছেলে আব্দুল গণি প্রামাণিক (৪৬) ও মৃত মনসুর প্রামাণিকের ছেলে হাজী মোকসেদ আলী প্রামাণিক (৭০) ভেজাল তেল তৈরির অভিযোগ স্বীকার করে। তাদের ১ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া আরেকটি মিলের মালিক ইসহাক আলীর ছেলে ডা. কামাল হোসেন (৪৬) পালিয়ে যায়। মালামালসহ দোকানটি প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করে তার নামে নিয়মিত মামলা রুজু করা হয়। অপর দুই কারখানা থেকে জব্দকৃত ৫ হাজার লিটার তেল স্থানীয় বাজার মাঠে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর গোলজার হোসেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম জানান, ভোক্তা অধিকার আইনের ৪২ ধারা মোতাবেক এ সকল ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।
এএইচ





