নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পূর্বশত্রুতার জেরে একই ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ও তার লোকজনের বিরুদ্ধে এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এছাড়া হামলার সময় কোরবানির গরু ছিনতাই করা হয়েছে বলেও ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোহেল আহমেদের সঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রাতে চেয়ারম্যানের ছেলে সজিব তার সহযোগী তুহিন, রফিক, মাজহারুল, রবি, মাহাবুব, আবুল কালাম ও ফজলসহ শতাধিক লোক নিয়ে সোহেলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এক পর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগ করে এবং কোরবানির গরু ছিনতাই করে নিয়ে যায়।অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোহেল আহমেদ বলেন,আবু তাহেরের নেতৃত্বে দুই-তিনশ’লোক আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং আগুন ধরিয়ে দেয়। ওরা আমার কোরবানির গরুটি পর্যন্ত নিয়ে গেছে।
এদিকে আবু তাহের সোহেল আহমেদের অভিযোগ অস্বীকার করে বলেন,আমার কোনো লোক ওই বাড়িতে হামলা, ভাঙচুর করেনি। তারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভি রঞ্জন দেব জানান, বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
তবে নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, হামলার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এআর





