কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মুনিব (৩৫) ও জাহানারা (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নলকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মুনিব কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুর গ্রামের বাসিন্দা ও জাহানারা ঝিনাইদহের দাড়াগঞ্জ এলাকার কদর মোল্লার মেয়ে। মুনিব ও জাহানারা সম্পর্কে দুলাভাই ও শ্যালিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুনিব, জাহানারাসহ তিনজন মোটরসাইকেলে করে কুষ্টিয়া সদর থেকে মিরপুর উপজেলার হালসার দিকে যাচ্ছিলেন। নলকোলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে মুনিব ও জাহানারা মারা যান।
কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনিব ও জাহানারা ঘটনাস্থলে মারা গেছেন। মোটরসাইকেল চালককে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএম





