কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিবির নেতাসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার ভোরে কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান জানান, শনিবার ভোরে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন যাত্রী নিহত হন। নিহত একজনের নাম ইসমাইল হোসেন (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় ট্রাকের ধাক্কায় মাইনুদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মাইনুদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন।

অন্যদিকে শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক মারাত্মক আহত হন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেডিক্যাল সেন্টারে (কুমিল্লা টাওয়ার) তার মৃত্যু হয়।

মোজাম্মেল হক গত বছর কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

এমএনজে