রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলিতে ধসে পড়া তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে জাহিদ আলি ব্যাপারী এবং তার ছেলে শফিকুল ইসলামের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার দিনগত রাত পৌনে একটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদেরকে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
তিনি জানান, নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হবে। তাদের বাড়ি মাদারিপুরের রাজৈর উপজেলায়।
সাজ্জাদ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এই উদ্ধারকাজে অংশগ্রহণ করে। এখনও ছাদ নিচে পড়ে আছে। আজকের মতো উদ্ধারকাজ শেষ।
তিনি আরও জানান, আগামীকাল আবার উদ্ধারকাজ শুরু হবে। তবে ফায়ার সার্ভিস দুজনের নিখোঁজের অভিযোগ পায় এবং দুজনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে ফায়ারা সার্ভিস। উদ্ধারকাজ চলাকালীন একটি দেয়াল ধসে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস।
জানা যায়, ব্রিটিশ আমলের এই ভবনের ছাদ চুন, মাটি ও সুরকির। এতে কোনও রড ব্যবহার করা হয়নি। টানা বৃষ্টিতে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমআর





