নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ ৫ জামায়াত নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

চলতি বছরের ৪ মে থেকে তারা নীলফামারী জেলহাজতে ছিলেন। এ দীর্ঘ সময় তারা জেলহাজতে থাকার পর নিম্ন আদালত একাধিকবার তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।

অবশেষে গত ৫ জুলাই উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করলে তারা রোববার রাত নয়টার পরে নীলফামারী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

মুক্তিপ্রাপ্তরা হলেন- ডিমলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী জামায়াত নেতা শাকিল-আল-কদর, জামায়াত নেতা মোজাহার আলী, মোতালেব হোসেন মেম্বার ও জামায়াত নেতা আজিজুল ইসলাম।

এর আগে গত ৪ মে রাতে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সময় অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ।

পরে তাকে ৫ জানুয়ারি বেপারীটোলা ভোট কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও নিজ দলের এক কর্মীকে হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। বাকিরা বিভিন্ন সময় একই মামলাসহ একাধিক মামলায় গ্রেফতার হন।

এআর