গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের কাতলামারা এলাকায় একটি বাড়িতে পরিচালিত তেল কারখানায় অভিযান চালিয়ে জরিমানা, কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ উৎপাদিত পণ্য ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
অবৈধভাবে সয়াবিন, সরিষার তেল ও পাওয়ার ড্রিংকস উৎপাদন এবং তা বাজারজাতকরণের অভিযোগে দু’জনের বিরুদ্ধে দুটি মামলাও দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরে শরাফ উদ্দিন ও মোরশেদ আলমের মালিকানাধীন ওই বাড়িতে তারা বিএসটিআই’র অনুমোদনহীন সৌখিন ব্র্যান্ডের সরিষার তেল, সয়াবিন তেল ও পাওয়ার ড্রিংকস উৎপাদন এবং তা বাজারজাত করে আসছিল।
উদ্ধার করা পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়েছে এবং শরাফ উদ্দিন ও মোরশেদ আলমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা এবং ওই কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
র্যা্ব-১ এর কমান্ডার মো. সোয়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেএ





