ডাকাতি হওয়া টাকা আর মালামাল এবং চারটি বোমাসহ রোজিনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোজিনা বেগমের স্বামী আমির হোসেন ওরফে আলম ওরফে সেলিম ওরফে রফিক সেসময় বাড়িতে ছিল না।

যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় সোমবার সন্ধ্যায় জনৈক পলাশের বাড়িতে অভিযান চালায় পুলিশের এএসপি (ক সার্কেল) মিলু মিয়া বিশ্বাস, কোতোয়ালি থানার ওসি ইনামুল হকের নেতৃত্বে একটি টিম।

কোতোয়ালি থানার এসআই আজগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালানো হয়। রোজিনার ঘর থেকে নগদ সাড়ে ১১ হাজার টাকা, কিছু সোনার গহনা এবং চারটি বোমা উদ্ধার করা হয়।

গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বারীনগরের বাসিন্দা এবং সদর উপজেলা বিএনপির নেতা আবদুল মালেকের তিনতলা বাড়িতে ডাকাতি হয়। বাড়ির মালিকসহ তাদের ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে, সকলের হাত-পা বেঁধে নগদ চার লাখ টাকা ও ৩০ ভরি সোনার গহনা লুট করে ১০-১২ জনের ডাকাতদল। পরদিন এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।

কোতোয়ালি থানার ওসি ইনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে রোজিনার স্বামী এই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। তার বেশ কয়েকটি নাম রয়েছে এবং রোজিনাও তার দুই বা তিন নম্বর স্ত্রী। কখনও সে আমির হোসেন আবার আলম বা সেলিম অথবা রফিক নামে পরিচিত।

ওসি নগদ টাকা ও বোমা উদ্ধারের কথা স্বীকার করে বলেন, উদ্ধার করা গহনা সোনার নয়, সেগুলো ইমিটেশনের। রোজিনা পুলিশকে জানিয়েছে, এগুলো তার কেনা এবং সে নিজে তা ব্যবহার করে। আটক রোজিনা বেগমের বাড়ি কেশবপুরের বাকাবড়শি গ্রামে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ