শ্রমিকের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ জেলার সব রুটে সোমবার থেকে বাস-ট্রাকসহ ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রুটে নিশাত পরিবহণের একটি গেটলক গাড়ি রাস্তায় না থেকে পীরগঞ্জ লোহাগাড়ার যাত্রী ছাউনীর কাছে থামে। রাস্তায় গাড়ি না থাকার কারণে স্থানীয় কিছু লোকজন উত্তেজিত হয়ে যাত্রী ছাউনীর কাছে এসে চালক দুলালকে মারপিট এবং গাড়িতে ভাঙচুর করে।

পরে ওই গাড়ির চালক দুলাল বাদী হয়ে টুলু, খলিলুর, আনোয়ার, সাদ্দামসহ ১১ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বোরবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন ১১ জনের মধ্যে ৯ জন আসামিকে এবং সোমবার বাকি ২ জনকে জামিন প্রদান করেন।

ফলে আদালতের রায়ের বিরুদ্ধে জেলা মোটর শ্রমিকের নেতারা ক্ষুব্ধ হন এবং জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেন।

ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জামিনপ্রাপ্ত আসামি আমাদের গাড়ি চালককে মারপিট করেছে। আবার আদালত একদিনের মধ্যেই জামিন দিয়েছে। এ জন্য বিচারের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, আদালতের জামিনের বিপক্ষে পরিবহণ ধর্মঘট ইতিবাচক নয়। শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই