নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া আহতদের চিকিৎসার দায়ভার সরকার বহন করবে বলেও মন্ত্রী ঘোষণা দেন।
মন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সোমবার দিবাগত রাত ১২টায় মন্ত্রী নাটোরের বড়াইগ্রামে পৌছে এ ঘোষণা দেন। এসময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টায় নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৩জন নিহত হয়েছেন। এদুর্ঘটনায় আরো ৪০জন যাত্রী আহত হয়।
ইআর





