ঝিনাইদহ শহরে নকল বীজ প্রস্তুতকারী কারখানায় জরিমানা ও সীলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে যে শহরের টেলিভিশন সেন্টারের পাশে অবস্থিত সহিদ বীজ ভান্ডারে নামি-দামি কোম্পানির মোড়ক দিয়ে প্যাকেটজাত করে আসছিল।

এমন সংবাদে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় বীজের নকল প্রস্তুত হাতেনাতে ধরা পড়ে এবং মেয়াদ উত্তীর্ণ বীজও পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫০ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং গোডাউন সিলগালা করা হয়।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমকে