নাটোরে ভারতীয় দুলহান তেলের নকল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শহরতলীর দত্তপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া ওই কারখানা সিলগালা করা হয়।

নাটোরের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল ভারতীয় দুলহান কেশ কালা তেল ঢাকার উদ্দেশে পাঠানো হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ওই সার্ভিসের নাটোর অফিসে অভিযান চালানো হয়। অভিযানকালে সেখান থেকে ১৭ কার্টন নকল ভারতীয় দুলহান কেশ কালা তেল উদ্ধার করা হয়।

সেই সূত্র ধরে দত্তপাড়ায় রাজ্জাকের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নকল দুলহান কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানের নেতৃত্বে কারখানা থেকে বিপুল পরিমাণ মালামাল ও মালামাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ মালামাল ধ্বংস, কারখানা সিলগালা ও আব্দুর রাজ্জাককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

কেএইচ